গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকরা ছত্রভঙ্গ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২: ১৮
রোববার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। ছবি: সংগৃহীত
রোববার সকাল নয়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে কোনাবাড়ীতে বিক্ষোভরত শ্রমিকদের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন এ তথ্য জানান।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড পোশাক কারখানার সামনে অবস্থান নেন। তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। পরে সেখানে আর কোনো বিশৃঙ্খলা হয়নি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকরা সকালে পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্য মোতায়েন আছে।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। আজ থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা রক্তাক্ত ও আহত হন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad