আজিমপুরে ‘গোপন বৈঠক’ থেকে ইউনিয়ন আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজধানীর আজিমপুরে ‘গোপন বৈঠক’ করার সময় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।
পুলিশ জানিয়েছে, সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। এর পরদিন আজিমপুরে সোহরাব হোসেন সুমন মিয়ার বাসায় সহযোগীদের নিয়ে বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ডিএমপি কর্মকর্তা আকতার হোসেন বলেন, শনিবার রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।














