বিয়ের খাবার খেয়ে পল্লিচিকিৎসকের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

কিশোরগঞ্জ প্রতিনিধি
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকটের কারণে রোগীরা মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। ছবি: রাজনীতি ডটকম
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকটের কারণে রোগীরা মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। ছবি: রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামের এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ পড়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। অসুস্থ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়।

খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কনে তাসমিতা বেগম (১৯) জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেকেই অসুস্থ হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন ও তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়ার দাবি, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন বলে তার ধারণা। এ ঘটনায় তার পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া (৩৫) জানান, অসুস্থ ব্যক্তিদের অবস্থার অবনতি হলে রাতভর তাদের হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভাগলপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, অসুস্থ ব্যক্তির সংখ্যা ৬০ জনের বেশি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস জানান, সেখানে ২২ নারী ও ১৮ পুরুষ ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে শয্যাসংকটের কারণে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad