বাড়িতে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ বৈছাআ নেতা মাহাদীর, পুলিশের দাবি ‘শর্টসার্কিট’

হবিগঞ্জে নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসান। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, পেট্রোল বোমা নয়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লেগেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ভাদৈ এলাকার বাসা থেকে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী। ওই সময় তার বাসার বৈদ্যুতিক মিটার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
মাহদীর দাবি, দুর্বৃত্তরা তাদের টিনের চালে দুটি এবং বৈদ্যুতিক মিটারে একটি পেট্রোল বোমা ছুড়েছে। ঘটনাস্থলে তিনটি বোতলও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। ফেসবুক লাইভে তাকে হবিগঞ্জের পুলিশ সুপার ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বরে ফোন করতেও দেখা যায়।
পরে মাহদীর ওই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
তবে পুলিশের ভাষ্য, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহদী হাসানের বাসার বৈদ্যুতিক লাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়া হয়।
ওসি জাহিদুল বলেন, ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়ার স্থানে অতিরিক্ত বৈদ্যুতিক লোডের কারণে মিটারে আগুন লেগেছে। ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমা বা বোতল পাওয়া যায়নি।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠনের হয়ে সক্রিয় ভূমিকা পালন করে পরিচিতি পান মাহদী হাসান। পরে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার কারণে তিনি আলোচনায় আসেন।
















