বাঁশখালীতে ঘর থেকে ৫ মাসের যমজ শিশুসহ বাবার লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে একটি ঘরের দরজা ভেঙে পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ে ও তাদের বাবা জাহিদ হোসেনের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর জাহিদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান।
লাশ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাহিদের বাড়ি বাঁশখালীর চাম্বল ইউনিয়নে। তবে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পুঁইছড়িতে শ্বশুরবাড়িতে থাকতেন।
সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “দুপুরে তার স্ত্রী, শাশুড়ি ও পরিবারের লোকজন স্থানীয় একটি এতিমখানায় গিয়েছিলেন। বাড়িতে দুই যমজ সন্তান নিয়ে ছিলেন জাহিদ।”
তিনি আরও বলেন, “স্ত্রী-শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘরের দরজা ভেঙে লাশগুলো দেখতে পায়।”
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, “শিশু সন্তান দুইটি খাটে শোয়ানো ছিল। আর জাহিদ ঘরের চালের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলেছিলেন। আমাদের ধারণা দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর জাহিদ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”
তিনি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, একসময় জাহিদ প্রবাসে ছিলেন। সেখান থেকে এসে বিয়ের পর থেকেই তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। আর্থিক টানাপড়েনসহ নানা কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।”









-a4b35b.jpg)



