জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের খতিব গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ৩০
রেজাউল বারী। ছবি: সংগৃহীত
রেজাউল বারী। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর কথা বলে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মসজিদের এক খতিবের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় রেজাউল বারী (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রেজাউল বারী দীর্ঘদিন ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে শ্রীনগর বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।

পুলিশ জানায়, ওই ছাত্রী উপজেলার একটি মাদরাসায় পড়ে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ায় তার পরিবারের ধারণা হয়, তার ওপর জিনের আসর রয়েছে। এ কারণে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা রেজাউল বারীর কাছে যান। তখন তিনি ছাত্রীকে একটি তাবিজ দেন। এতে কিছুদিন সুস্থ থাকলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে সে।

পরে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি রাতে ওই কিশোরকে নিয়ে তার বাসায় যেতে বলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রীর বাবা-মা তাকে নিয়ে ওই বাসায় যান।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সেখানে রেজাউল বারী বাবা-মাকে খাটে বসিয়ে কিশোরীকে মেঝেতে বসান। এরপর জিন তাড়ানোর কথা বলে ঘরের বাতি নিভিয়ে দেন। বাবা-মায়ের মুঠোফোনও তোষকের নিচে রাখতে বলেন।

পরে ঝাড়ফুঁকের নামে তিনি কিশোরীকো ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা মুঠোফোনের আলো জ্বালান। তখন রেজাউল বারীকে মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তারা। পরে ঘরের বাতি জ্বালিয়ে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান।

রাত পৌনে ১১টার দিকে মেয়েকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসেন তার বাবা-মা। পরে স্বজনদের সঙ্গে আলোচনা করে রাত দেড়টার দিকে থানায় লিখিত অভিযোগ করেন তারা।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় ছাত্রীর মা মামলা করেছেন। শুক্রবার দুপুরে রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীও মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad