পঞ্চগড়ে থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কা, সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

পঞ্চগড় প্রতিনিধি
বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আলম (৩০) বোদা উপজেলার পাঠানপাড়া এলাকার আলী আজগরের স্ত্রী। দুর্ঘটনায় তাদের মেয়ে সম্প্রীতিও (৯) মারা গেছেন। আলী আজগর খাদ্যবিষয়ক গণমাধ্যম ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি থ্রি-হুইলার জান্নাত পেট্রোল পাম্পের সামনে যাত্রী ওঠানোর জন্য গতি কমায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad