ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানিয়েছেন, আহত পুলিশ সদস্যের নাম বিল্লাল। অন্য আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি ও জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজারে পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা বিএনপির কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা আটকা পড়েন। এ সময় কার্যালয়টিসহ তাদের পক্ষের চারটি দোকানে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদও সেখানে উপস্থিত হন। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad