খাবারের জন্য সিরিয়াল নিয়ে মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় ভাঙচুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হামলা-ভাঙচুরের পর দূরবীন বাংলা রেস্তোরাঁর চিত্র। ছবি: সংগৃহীত
হামলা-ভাঙচুরের পর দূরবীন বাংলা রেস্তোরাঁর চিত্র। ছবি: সংগৃহীত

খাবারের জন্য অপেক্ষার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে রাজধানীর মহাখালীর জনপ্রিয় ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন একদল তরুণ। শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের বিপরীত পাশে অবস্থিত রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। হামলার সময় রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

দেশীয় নানা পদের খাবারের জন্য পরিচিত দূরবীন বাংলা রেস্তোরাঁয় সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকে। সেখানে বসার জায়গা পেতে অপেক্ষার সিরিয়াল দিতে হয়। এই সিরিয়াল নিয়ে বিরোধ থেকেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবার খেতে সিরিয়াল দেওয়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডা ও মারামারি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।

ঘটনার বিবরণ দিয়ে রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই আসনের জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

সাফিন বেগের ভাষ্য, রেস্তোরাঁর এক কর্মী বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান। তরুণটি শিক্ষার্থী হতে পারেন, এমনটা বুঝে তাকে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন ওই কর্মী। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তরুণটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজন নিয়ে এসে প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের স্টাফ খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে একদল যুবককে রেস্তোরাঁর ভেতরে ঢুকে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করতে দেখা যায়।

পুলিশ সূত্র জানায়, বসার জায়গা নিয়ে বিরোধের একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়।

দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল কবীর সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। রেস্তোরাঁর মালিককে দ্রুত এটি খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় সেখানে পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad