ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: লাখো ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে এক লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
এ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। তিনি জানান, পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ ভোটারের এ আসনে উপনির্বাচনে ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হয়েছিলেন তখন বিএনপির মহাসচিব পদে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলীয় পদ-পদবির পাশাপাশি সংসদ সদস্যপদ থেকেও পদত্যাগ করেন। এতে আসনটি শূন্য হয়। উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল সম্পর্কে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহণ। এরপর গণনা শুরু হয়। রাতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-১ আসনের এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পাঁচজন— ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা ফয়সল আমীন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

-9566b4.jpg)






-9566b4-256x144.webp)


-fdc1d9-256x144.webp)



