ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘ভুয়া ভোটার’ সন্দেহে ৩ মাদরাসাশিক্ষার্থী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
ভুয়া ভোটার সন্দেহে তিন মাদরাসাশিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত
ভুয়া ভোটার সন্দেহে তিন মাদরাসাশিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভুয়া ভোটার সন্দেহে তিন মাদরাসাশিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম এ তথ্য জানিয়েছেন। আটক তিনজন হলেন— ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।

প্রিসাইডিং কর্মকর্তা সায়েম বলেন, “আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২২ আগস্ট আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ এবং ৩৮ জন নারী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad