উপনির্বাচন ঘিরে ঠাকুরগাঁও-১ আসনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ দায়িত্বে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য থাকবেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরের ‘অপরাজয়-৭১’ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। পরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া।
তিনি বলেন, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনি নিরাপত্তায় বিজিবির ‘কে-৯ ডগ’ ইউনিটও কাজ করবে।
কর্নেল সুরুজ মিয়া বলেন, “ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং নির্বিঘ্নে নির্বাচনি প্রচার চালাতে পারেন সে জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।”
নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি প্রচার চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।
এ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।












-d785fd-256x144.webp)


