অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ১২
রংপুরের গঙ্গাচড়ায় গণপিটুনিতে নিহত দুজনকে দেখতে রোববার সকালে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়ায় গণপিটুনিতে নিহত দুজনকে দেখতে রোববার সকালে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় লোকজনের গণপিটুনির শিকার হয়ে দুজন নিহত হয়েছেন রংপুরের গঙ্গাচড়ায়। মসজিদের মাইকে অটোরিকশা চুরির ঘোষণার পর স্থানীয়রা ধাওয়া করলে তারা অটোরিকশা ফেলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে গ্রামবাসী তাদের ধরে গণপিটুনি দিলে দুজনের তাৎক্ষণিক মৃত্যু হয়।

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রেজাউল ওরফে কানা (৪২) উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকা ও সাদিকুল ইসলাম (৩২) একই উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা। চুরি হওয়া অটোরিকশাটির মালিক সিদ্দিকুর রহমান সোহেল বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মতিন মিয়া ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

রোববার সকাল ৮টার দিকে উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেল এলাকায় দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ দুটি ঘিরে ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়ে মরদেহ দুটির সুরতহাল করছিল। পরে মরদেহ দুটি পুলিশ থানায় নিয়ে যায়।

অটোরিকশার মালিক সোহেল গণমাধ্যমকে জানিয়েছেন, ভোরে অটোরিকশা চার্জে দিয়ে তিনি আবার ঘুমিয়ে পড়েন। মেয়ের কান্নায় ঘুম ভাঙলে কিছুক্ষণ পর ঘরের দরজায় আঘাতে শব্দ পান তিনি। দ্রুত বের হয়ে অটোরিকশার কাছে গেলে দেখেন সেটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সোহেল অটোরিকশা পেছন ধরে টেনে ধরলে তাকেসহ অটোরিকশা নিয়ে যাওয়া হয়। এ সময় সোহেল বেরিয়ে অটোরিকশা চুরি হচ্ছে বলে চিৎকার করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অটোরিকশার মালিক সোহেলের বাড়ির সামনেই একটি মসজিদ রয়েছে। মুসল্লিরা সেখানে ফজরের নামাজ পড়ছিলেন। এমন সময় সোহেল তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বলে চিৎকার করলে মসজিদে উপস্থিত কয়েকজন ওই দুজনকে আটকানোর চেষ্টা করেন। তাতে ব্যর্থ হলে মসজিদের মাইক থেকে অটোরিকশা চুরির ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয় আরও লোকজন ধাওয়া দিতে শুরু করেন ওই দুজনকে।

স্থানীয়রা বলছেন, বিভিন্ন দিক থেকে লোকজন ধাওয়া দিতে শুরু করলে সন্দেহভাজন দুজন অটোরিকশা রেখে ধানখেত দিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন। সঙ্গে সঙ্গে শুরু হয় বেদম মারধর। ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যুর খবর পেয়ে তিনি নিজে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। সুরতহাল শেষে মরদেহ দুটি থানায় নিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad