ইউরেনিয়ামের শেষ চালান পৌঁছাল রূপপুরে

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের নবম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের জন্য নির্ধারিত ৯টি চালানে পারমাণবিক জ্বালানি আনার প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি ও প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা করা হয়েছিল। সে অনুযায়ী মোট ৯টি চালানে এলো রূপপুরের পারমাণবিক জ্বালানি।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটির উৎপাদনক্ষমতা ১২০০ মেগাওয়াট। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এরই মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কাজ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ।
প্রথমবার টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়। ওই সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
এরপর গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল। এ সময়ে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় জাতীয় গ্রিডে।
১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এই সময়ের পর রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে। পরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।


















