চট্টগ্রামের ফটিকছড়িতে গোপন অস্ত্র কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পুলিশের ধারাবাহিক অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয় দেওয়া ও তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ভূজপুর থানা এলাকার পাহাড়বেষ্টিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানার একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে গোপন অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পাওয়া যায়।
সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, অন্য একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘ভোর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’












