পাবনায় গ্রামীণ ব্যাংকের আরও এক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

পাবনা প্রতিনিধি
গ্রামীণ ব্যাংক দুবলিয়া শাখা, পাবনা সদর। ছবি: সংগৃহীত
গ্রামীণ ব্যাংক দুবলিয়া শাখা, পাবনা সদর। ছবি: সংগৃহীত

​পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এর আগেও পাবনা সদর উপজেলাতেই গ্রামীণ ব্যাংকের আরও শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোড়ে। বোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে সামান্য আগুন ধরে যায়। তবে আগুন ভেতরে ছড়িয়ে না পড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​গ্রামীণ ব্যাংক দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন বলেন, রাতে পেট্রলবোমার আঘাতে দেয়ালে আগুন ধরে গেলে দোতলায় থাকা কর্মকর্তারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় তেমন ক্ষতি না হলেও সবাই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার আতাইকুলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, রাতের কোনো একসময়ে বাইরে থেকে ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১১ নভেম্বর ভোরে পাবনা সদরের দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের কর্মকর্তারা জানান, একদল দুর্বৃত্ত ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের প্রধান সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এরপর থাইগ্লাস ভাঙচুর করে। চলে যাওয়ার সময় কার্যালয়ের সামনের অংশে পেট্রোল ঢেলে পুরো অংশে আগুন ধরিয়ে দেয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad