শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ বিস্ফোরণ ঘটে। নিহত ব্যক্তির নাম মো. টমাস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
টমাস উদ্দিনের ফেসবুক আইডি (Md Tomas Uddin) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিতেন। তাঁর অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
ওসি মতিউর রহমান বলেন, চৌকা এলাকার একটি খেতের পাশে কলাগাছের নিচে নিরিবিলি জায়গায় কয়েকজন ককটেল তৈরির কাজ করছিলেন। সেখানে বিস্ফোরণে একজন নিহত হন এবং তিন থেকে চারজন আহত হন। পরে আহত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













