মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষের পর মেঘনা নদী সাঁতরিয়ে পার হতে গিয়ে মাঝ নদীতে নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামের আরেক ব্যক্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন মোল্লা এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল; এর জের ধরেই ভোরে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার আধিপাত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।
এদিকে নিখোঁজের ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।














