নেত্রকোনায় ট্রেনে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
-fb7c41-480x270.webp)
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে এ ঘটনায় বগিটির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান।
জহিরুল ইসলাম বলেন, এ সময় গার্ডসহ অন্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ট্রেনে তখন কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।
আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা ছুটে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। পরে তাদের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, “স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, আগুনের ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন বলেন, “ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”











-26b09f-256x144.webp)
-a84a4b-256x144.webp)



