রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, ছাত্রলীগের ২ নেতা আটক

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পাশের রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাকৃবির ইয়াছিন মার্কেট এলাকার রেললাইন থেকে তাদের আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক দুজন হলেন— আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও সংগঠনটির আরেক নেতা নির্জন। তাদের সঙ্গে থাকা একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইনে তিন যুবক টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ওই পথে যাতায়াতকারী কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি দেখতে পান। পরে তারা ওই তিনজনকে ঘিরে ফেলেন। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে শৈবাল পালিয়ে যান। অন্য দুজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যান। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। পরে তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সজাগ থাকায় এ অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









-26b09f-256x144.webp)
-a84a4b-256x144.webp)


-d513b0.jpg)


