জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
-26b09f-480x270.webp)
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক এ তথ্য জানান।
নিহতরা হলেন— ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা। তারা ইজিবাইকের যাত্রী ছিলেন।
নিহত অন্যজন শওকত হাসান লিখন। তিনি মোটরসাইকেল আরোহী এবং মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আহত দুজনের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহমুদুল হক বলেন, সকালে একটি ইজিবাইক মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল একটি মোটরসাইকেল।
এ সময় জামালপুরগামী একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়; পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হন। মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মোটরসাইকেল আরোহী লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মাহমুদুল হক আরও বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।









-a84a4b-256x144.webp)






