২ মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুর প্রতিনিধি
পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে গত দুই মাসে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অভিযুক্ত দলীয় নেতা রাসেল মিয়াকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এসব চুরির কারণে বিদ্যুৎ সরবরাহ ও সেচব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

ট্রান্সফরমার চুরির ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় থেকে থানায় অভিযোগ করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত সরঞ্জামের খোঁজ পাওয়া গেছে। চক্রটির মূল হোতাদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানতে আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর মঙ্গলবার রাতে রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সদস্যসচিব আব্দুল হামিদ বুরহান জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে রাসেল মিয়ার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
২ মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৫