কক্সবাজারে মোটরসাইকেলে এসে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

কক্সবাজার প্রতিনিধি
গুলিবিদ্ধ মাহমুদুল হক হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ মাহমুদুল হক হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলায় মোটরসাইকেলে এসে একটি প্রাইভেট কারের গতিরোধ করে আসবাব ব্যবসায়ী মাহমুদুল হককে (৪৫) গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার তিন ভাই ও তাদের সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেছেন আহত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।

গুলিবিদ্ধ হওয়ার পর মাহমুদুল হককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাহমুদুল হক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে কক্সবাজার পৌর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকায় বসবাস করেন। ওই এলাকা ও রামুতে তার আসবাবের ব্যবসা রয়েছে।

ঘটনার বর্ণনায় মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে রামু যাচ্ছিলেন তিনি। পথে খরুলিয়া এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তার গাড়ির গতিরোধ করেন। পরিস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে তিনি পালানোর চেষ্টা করেন।

এরপর তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তার পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

মাহমুদুল হকের ভাই জসিম উদ্দিনের অভিযোগ, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে লিয়াকত আলীর তিন ভাই জায়েদ আলী, কিতাব আলী ও ওয়াদুদ আলী এবং তাদের সহযোগী মো. নাসেরসহ ছয়জন এ হামলা চালিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে লিয়াকত আলীর ভাই জায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। কিতাব আলী, ওয়াদুদ আলী ও মো. নাসেরের মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। লিয়াকত আলী একটি মামলায় কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খরুলিয়া এলাকায় মাহমুদুল হক নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে গত ২৪ মে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা লিয়াকত আলী ও তাঁর ভাই জায়েদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এতে একজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন লিয়াকত আলী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad