নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ২০: ৫৫
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: রাজনীতি ডটকম
নান্দাইলে রাতের আঁধারে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সলিং করা একটি গ্রামীণ রাস্তা থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের দক্ষিণ হালিউড়া গ্রামে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে রাস্তার দুই পাশে কিছু ইট ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। তাদের অভিযোগ, রাতের আঁধারে রাস্তার বাকি ইটগুলো তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

স্থানীয় ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানায় যাতায়াতের জন্য ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ রাস্তাটি আগে কাঁচা ছিল। বর্ষায় কাদায় চলাচল অনুপযোগী হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। এ কারণে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে রাস্তাটি সংস্কারের জন্য দুই লাখ ৫২ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের আওতায় কাঁচা রাস্তায় ইট বিছিয়ে সলিং করার উদ্যোগ নেওয়া হয়।

তবে কাজ শুরুর সময় আপত্তি জানান এলাকার প্রয়াত আবদুল হামিদের ছেলে বাহার উদ্দিন ও জামাল উদ্দিনসহ কয়েকজন। তাদের দাবি ছিল, বাড়ির গোয়ালঘরের সামনে দিয়ে রাস্তা যেতে দেওয়া হবে না। এ নিয়ে বিরোধ একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়।

পরে প্রতিমন্ত্রী ইয়াসের খানের হস্তক্ষেপে সমস্যার সমাধান হলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের তত্ত্বাবধানে রাস্তায় ইট বিছানোর কাজ শেষ হয়। এরপর থেকে ওই পথে চলাচল শুরু করেন স্থানীয় লোকজন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কদ্দুস বলেন, রাস্তা থেকে ইট তুলে নেওয়ার কথা তিনি শুনেছেন। যারা এ কাজ করেছেন তাঁর ঘোরতর অন্যায় করেছেন। সুষ্ঠ তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।

রাস্তা নির্মাণ প্রকল্পের সভাপতি জুম্মন ভূঁইয়া বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশে মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তাটিতে ইট বিছানো হয়েছিল। যারা শুরুতে কাজে বাধা দিয়েছিলেন, ইট সরিয়ে নেওয়ার ঘটনায় তাদের জড়িত থাকার সন্দেহ করছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে বাহার উদ্দিন ও জামাল উদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর পুলিশ এলাকায় গেলে কাজে বাধা দেওয়া ব্যক্তিরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুল্লাহ বলেন, রাস্তা নির্মাণের সময় কেউ বাধা দিয়েছিলেন কি না, তা তার জানা নেই। তবে বৃহস্পতিবার রাস্তা থেকে ইট তুলে নেওয়ার অভিযোগ পেয়েছেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad