ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ধানখেতে মিলল মরদেহ

মাগুরা প্রতিনিধি
মহম্মদপুরের বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
মহম্মদপুরের বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে কাজ করতে গিয়ে ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাবিল মাঠের একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি ট্রান্সফরমারটি খুলে ফেলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement