শ্রমিক অসন্তোষ: ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জ-ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাড়িতে করে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ফাইল ছবি: সংগৃহীত
গাড়িতে করে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ফাইল ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন এবং ময়মনসিংহে আরও ২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছে ১৫ প্লাটুন।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে রয়েছে ২ প্লাটুন বিজিবি।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে তারা।

বিজ্ঞপ্তিতে বিজিবি বলছে, তারা পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad