রাজধানীতে একদিনে আ.লীগ-ছাত্রলীগের ৫০ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫২৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ নেতাকর্মী রয়েছেন। মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সময় মশাল, ককটেল ও লাঠিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময়ে ৪৫টি মামলা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৮৯, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১৫০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, দুটি বিস্ফোরিত বোমার অংশবিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা ও ৩ হাজার ৪৯৯টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ ৪৮০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ।














