চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ-কর্মবিরতি, দুই টার্মিনালে কাজে বিঘ্ন

টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তন নিয়ে অনিশ্চয়তার মধ্যে গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। তাদের কর্মবিরতিতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা ক্রেন বন্ধ করে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শত শত শ্রমিকের এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকরাও যোগ দিয়েছেন।
কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি বন্দর থেকে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও প্রভাব পড়েছে। বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৬২ শতাংশ হয় এই দুটি টার্মিনাল দিয়ে।
জেটিতে অবস্থানরত এক ক্রেন অপারেটর জানান, এনসিটি ও সিসিটি কাগজে-কলমে চিটাগাং ড্রাইডকের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে সেখানে কাজ করেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। চিটাগাং ড্রাইডক বন্দর থেকে অর্থ নিয়ে সাইফ পাওয়ারটেককে দেয়। পরে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে।
ওই শ্রমিকের অভিযোগ, এনসিটির পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ারটেকের কাছ থেকে চলে যাওয়ার পর এবার সিসিটিও তাদের হাতছাড়া হচ্ছে। এতে শ্রমিকরা গ্র্যাচুইটিসহ বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এসব পাওনা পরিশোধের বিষয়ে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামকে একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি। বরং বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ করা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নেমেছেন।
আরেক ক্রেন অপারেটর বলেছেন, সর্বশেষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গতকাল সোমবার তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে সেখানে কোনো সমাধান দেননি। ফলে নিরুপায় হয়ে তারা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জানতে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বন্দরের মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, এনসিটি দিয়ে বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ৪৫ শতাংশ এবং সিসিটি দিয়ে প্রায় ১৬ শতাংশ হয়। সব মিলিয়ে টার্মিনাল দুটি বন্দরের কনটেইনার ব্যবস্থাপনার বড় অংশ সামলায়।
এদিকে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। দরপত্র ছাড়াই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে এ কনসেশন চুক্তি করা হয়। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। এর আগপর্যন্ত চিটাগাং ড্রাইডকের মাধ্যমে এনসিটি পরিচালনা করছে বন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। এতদিন টার্মিনালটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চিটাগাং ড্রাইডকের মাধ্যমে সিসিটি পরিচালনার প্রক্রিয়া চূড়ান্ত করছে সরকার। টার্মিনাল পরিচালনার এই পরিবর্তনের মধ্যেই শ্রমিকদের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।

















