সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
এর আগে সকালে সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা হেমায়েতপুর-কেরানীগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বললে শ্রমিকদের সঙ্গে পালটাপালটি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
এদিকে সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেন। পরে সকাল ১০টার দিকে খেজুরবাগান এলাকায় আরেক দল শ্রমিক সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদেরও ধাওয়া দেওয়া হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বেলা সোয়া ১১টার দিকে বলেন, ‘বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আশা করছি, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’
শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পালটাপালটি ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। তিনি বলেন, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানান ইউএনও।











-f8ef77-256x144.webp)


