কক্সবাজারে ৭ স্থানে ককটেল-পেট্রলবোমা বিস্ফোরণ, আটক ৬

কক্সবাজারের সাতটি স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও শহরের পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত পথচারীরা ছোটাছুটি শুরু করেন। পরে রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে একই রাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কয়েকজন তরুণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। তাদের একজনের মাথায় হেলমেট এবং অন্যজনের মুখে মাস্ক ছিল। ব্যানারে লেখা ছিল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, খবর পাওয়ার পরপরই তালা ও ব্যানার সরানোর ব্যবস্থা করা হয়। অভিযুক্ত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।














-fb7c41-256x144.webp)
