আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৪১ কারখানায় ছুটি

ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে এসে চার-পাঁচটি স্থানে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতির কারণে আশুলিয়ার ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি এস এল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পুলিশের গুলিতে হতাহতের যে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করেন তিনি। মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।’
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক সপ্তাহ ধরে তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। এর মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার শ্রমিক পক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব না দিয়ে এক সপ্তাহ সময় চেয়েছে।
সভা শেষে ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন জানান, শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ চলায় সব মালিকের কাছ থেকে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে তারা এক সপ্তাহ সময় চেয়েছেন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।
মজুরি বোর্ডের সভার আগে শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায়। এ জন্য তারা মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন, ৫০ শতাংশ বাড়িভাড়া এবং ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব দেয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ বিষয়ে মজুরি বোর্ডের কাছে স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশিয়ার বিভিন্ন দেশের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের বেতন পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৪০ লাখ শ্রমিক। তাদের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
এ জন্য ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন রাখার প্রস্তাব দিয়েছেন তারা। তাদের মতে, মূল বেতনের অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক ও চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পরও মূল বেতন কম থাকায় শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণ এবং খাদ্য ও পুষ্টিসামগ্রীর দাম, বাজারদর ও বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।


-de8ff8.jpg)
-c943a0.jpg)











