গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনে নামেন। বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও থানা-পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরাও কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।
শ্রমিকদের জমায়েত বাড়তে থাকায় নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। তারা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে শ্রমিকদের বিক্ষোভের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।


-de8ff8.jpg)










