ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪টি ককটেল উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ছবি: সংগৃহীত
অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটকের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ককটেল ও একটি কাগজ পড়ে থাকতে দেখেন সংবাদকর্মীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল ঘিরে রাখে। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “ককটেল উদ্ধার হয়েছে।” ককটেলের সঙ্গে চিরকুট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওটা চিঠি না; একটা কাগজ পেয়েছি। সেখানে লেখা, ‘জয় বাংলা। প্রজন্ম-৭১’।”

এদিকে দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক কর্মকর্তা বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরে আমাদের একটি টিম গেছে। সেখান থেকে সিটি কলেজে যাবে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad