নান্দাইলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক পলাতক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষক আবু সাইদের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।

শনিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন বাইতুস রাসূল (সা.) মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শিশুটির পরিবার জানায়, সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের নিয়মিত ছাত্র। শনিবার রাতে নান্দাইল বাজার থেকে ফেরার পথে শিশুটিকে দেখতে মাদ্রাসায় যান তার বাবা। সেখানে ছেলেকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখে তিনি তাকে বাড়িতে নিয়ে যান। পরে রাতে শিশুটির পায়ুপথে রক্তপাত দেখা যায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার কথা জানায়। তার অভিযোগ, শিক্ষক আবু সাইদ তাকে শৌচাগারে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে এবং ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও শিশুটি পরিবারের কাছে জানিয়েছে।

শিশুটির বাবা বলেন, তার ছেলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অন্য কোনো শিশুর সঙ্গেও ঘটতে পারে। তিনি অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাদ্রাসার পরিচালক বিল্লাল জানান, ঘটনার কথা জানার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক আবু সাইদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement