টেকনাফে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সমুদ্রপথে মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ৮ মাস বয়সী এক শিশুসহ মোট ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০ এর বাসিন্দা।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।














