শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি
রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে শ্রমিক ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। শ্রমিকরা বিভিন্ন দোকানে হামলা চালিয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখানে ছুটে যান। এ সময় তাদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের লাঠিপেটা করেন। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষের কারণে পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

এদিকে শ্রমিকেরা দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালান। তারা কারখানার জানালার কাঁচ এবং ভেতরে রাখা একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদ জানান, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন। কিন্তু সেই আন্দোলনের নামে দোকানপাটে হামলা, ভাঙচুর কিংবা মালামাল লুটপাট করতে পারেন না। শ্রমিকদের সঙ্গে ফ্যাসিস্ট দলের নেতাকর্মীরা মিলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুপক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad