কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত আমিরের পদত্যাগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন শাখার আমিরের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
আবুল কালাম শেখ জানান, এক বছর আগে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের আমিরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়ে দায়িত্বশীলদের কাছে পদত্যাগের কথা বলেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষকে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
কোনো চাপের মুখে পদত্যাগ করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল কালাম বলেন, “আমার উপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।”
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির রেজাউল করিম বলেন, আবুল কালাম জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ মেনে রাজনীতি করতে পারছেন না। তিনি দলের একটি ক্ষুদ্র ইউনিটের দায়িত্বে ছিলেন।
রেজাউল করিম বলেন, “সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিষয়টি আমি জানতে পেরেছি। তারপর খোঁজ নিয়ে যতদূর জানতে পেরেছি, তিনি মৌখিকভাবে ওই ইউনিয়নের দায়িত্বে ছিলেন।”
এ অবস্থায় দলের গঠনতন্ত্র অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পদত্যাগের প্রয়োজন নেই বলে মনে করেন জেলা জামায়াতের আমির।







-efea98.jpg)






