খিলগাঁওয়ে চুরির অভিযোগে তরুণকে ‘পিটিয়ে হত্যা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. মোস্তফা। এ ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য, ওয়ার্কশপে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর কর্মচারীদের মারধরে মোস্তফার মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ওয়ার্কশপে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসকে নামে একটি ওয়ার্কশপে চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। এরপর ওয়ার্কশপের কর্মচারীরা তাকে ধরে মারধর করলে একপর্যায়ে সে মারা যায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।”

তবে পুলিশের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন মোস্তফার বোন জুলেখা বেগম। তিনি বলেন, “আমার ভাইকে পূর্বশত্রুতার জেরে ওই কারখানায় (এসকে ট্রেডার্স) ডেকে নিয়ে পিটিয়ে মেরেছে। এটা করেছে স্থানীয় জমির দালাল ও চায়ের দোকানদার হোসেন। তার সঙ্গে আমাদের পুরনো ঝামেলা আছে। সে আগে আওয়ামী লীগ করত, এখন টাকা দিয়ে বিএনপির লোক হয়েছে।”

হোসেনের সঙ্গে কী নিয়ে বিরোধ, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি জুলেখা। পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad