পাগলা মসজিদের ১৫ দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
শনিবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া ৫১ বস্তা টাকা গণনার কাজ চলছে। ছবি: সংগৃহীত
শনিবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া ৫১ বস্তা টাকা গণনার কাজ চলছে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। রয়েছে সোনা ও রুপার অলংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা। প্রায় পাঁচ মাসের ব্যবধানে এবার দানবাক্সগুলো খোলা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। স্থানীয় জনতা ছাড়াও বিপুলসংখ্যক পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন।

দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেছেন মাদরাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় দানের মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৭ জুন মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। ছয় মাসের ব্যবধানে সেখানে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সঙ্গে ছিল সোনা-রুপার অলংকার ও বিদেশি মুদ্রা।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াই শ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad