এবার মিরপুরে থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর মিরপুরে পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এর কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক স্থানেও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করে থানায় দেওয়া হয়। তবে পল্লবীর ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সূত্র জানিয়েছে, মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি পল্লবী থানার পাশের ফ্লাইওভারে অবস্থান নেন। সেখান থেকে তারা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করেন। ককটেলটি বিস্ফোরিত হওয়ার পর এর একটি অংশ এসআরবি-৪-এর এক সদস্যের গায়ে লাগলে তিনি সামান্য আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। ককটেল নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। কাউকে এখনো আটকও করা যায়নি।
ককটেল বিস্ফোরণ ঘটানো ছাড়াও রোববার সন্ধ্যায় রাজধানীর ভাটারায় ১০০ ফিট সড়কে পার্ক করে রাখা এক স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে শনিবার রাতেও রাজধানীর বারিধারা ও মহাখালী এলাকায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে দুটি বাস।
গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় এমন ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার এসব ঘটনার পেছনে একটি চক্রের নাশকতার উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে পুলিশ।
এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন। রোববার এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনাগুলো পর্যালোচনা করে মনে হচ্ছে, একটি গ্রুপ নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

















