না.গঞ্জ মহানগর এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপির মেয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০: ৫৩
নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্তে শাহীনাকে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির দায়িত্ব দেওয়া হয়। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদ্য বিদায়ী আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় উত্তর এনসিপির সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী আজ রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

শওকত আলী বলেন, কেন্দ্রীয় কোনো নেতা স্থানীয় পদে থাকতে পারবেন না বলে দলের সিদ্ধান্ত রয়েছে। সে অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে। আমি তার সফলতা কামনা করছি।

এদিকে শাহীনার বাবা প্রয়াত সিরাজুল ইসলাম বিএনপির রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রতিষ্ঠার অন্যতম কারিগর মনে করা হয় তাকে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

২০১২ সালের ২৩ মার্চ প্রয়াত হন সিরাজুল ইসলাম। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি বিএনপির রাজনীতির পথিৃকৎ হিসেবে স্বীকৃত। গত ২৭ আগস্ট তার নামে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বিএনপির সাবেক সংসদ সদস্য ও শ্রদ্ধাভাজন এমন একজন নেতার মেয়ের এনসিপির নেতৃত্বে আসার বিষয়টি স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad