নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলায় নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে কোড্ডা এলাকায় ভারতে রপ্তানির জন্য নেওয়া পণ্যবাহী কয়েকটি ট্রাক আটকা পড়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় এ অবরোধ শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গত ১২ মে জারি করা এক প্রজ্ঞাপনে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলায় বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়। চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে নিয়ে এই ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে নতুন ইউনিয়নটি গঠন করা হয়েছে। তার বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে ছয় গ্রামের বাসিন্দারা বিভিন্ন সময়ে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একটি অংশ। তাদের নেতৃত্বেই রোববার সকালে রেলপথ ও সড়ক অবরোধ করা হয়।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, “প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীর প্রভাব খাটিয়ে তার ভাই কবীর আহমেদ ভুঁইয়া এসব করছেন৷ বরিশল বিলেরপাড়ের একটি গ্রাম। এই গ্রাম কোনোভাবেই ইউনিয়ন হতে পারে না।” তিনি আরও বলেন, “তার এসব কর্মকাণ্ডে বিএনপিরও ক্ষতি হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।”

অবরোধের কারণে ট্রেন চলাচলে বিঘ্নের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, অবরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে। নিরাপত্তার কারণে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad