১০০ ফিট সড়কে দাঁড়িয়ে ছিল স্কুল বাস, গান পাউডার দিয়ে আগুন

রাজধানীর ভাটারায় ১০০ ফিট সড়কে পার্ক করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, দুর্বৃত্তরা গান পাউডার দিয়ে বাসটিতে আগুন দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ নিয়ে রাজধানী ঢাকায় দুই দিনে তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেল। এর আগে শনিবার রাত ১০টার দিকে মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পরে দিবাগত রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়।
রোববার সন্ধ্যার পর ভাটারায় ওই স্কুল বাসে আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি আগুনে দাউ দাউ করে জ্বলছে।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১০০ ফিট সড়কে আমাদের স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দিলে বাসটি পুড়ে গেছে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায় বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, ঘটনাগুলো পর্যালোচনা করে মনে হচ্ছে, একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।















