মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিহত জাহেদ বেপারী। ছবি: সংগৃহীত
নিহত জাহেদ বেপারী। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন।

নিহত জাহেদ বেপারী উপজেলার ভিটিহোগলা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা জাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, স্বজন ও স্থানীয়দের দাবি, জাহেদ বেপারী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এ কারণে প্রতিপক্ষ ফরিদের লোকজন পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।

রাতে ঘটনাস্থল থেকে ওসি বলেন, জাহেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad