গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে ফের বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিপেটা করা হয়। এ ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে।

রোববার (১১ নভেম্বর) দুপুর ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে জরুনের দিকে আসেন। পথে তারা আশপাশের কারখানাগুলো লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। ওই সময় কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে বেলা ৩টার দিকে একই দাবিতে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসেন। এ সময় তারা ছয় থেকে সাতটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন।

পুলিশ সুপার আরও জানান, শ্রমিকদের বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চল স্বাভাবিক থাকলেও দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad