গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া
গোপালগঞ্জে পুলিশের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা। ছবি: ভিডিও থেকে নেওয়া

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রোববারই গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে। আজ সোমবার এ তথ্য জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও কনস্টেবল মাহাবুবুর রহমান আহত হন।

এ ঘটনায় আহত এসআই ফুলমিয়া বাদী হয়ে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সদর থানার চার সদস্যের একটি পুলিশ দল ওই এলাকায় টহল দিচ্ছিল। একপর্যায়ে তারা খেয়াঘাট এলাকায় গাড়ি রেখে বাজারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে গিয়ে পুলিশ সদস্যদের মারধর করেন এবং গাড়ি ভাঙচুর করেন।

পুলিশ এর আগে এ মামলায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। রোববার আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad