গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্কে যাত্রীরা

গাজীপুরের পূবাইলে ঢাক-চট্টগ্রাম রেলপথে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে এ ঘটনায় ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হলে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঢাকাগামী লাইনে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক ছিল।
ট্রেনের যাত্রীরা জানান, পূবাইল স্টেশন পার হওয়ার পর কিছুদূর এগোতেই ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তেই ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে আসে, তবে আগুন জ্বলতে থাকে। পরে আশপাশের লোকজন ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে আগুন নেভানো হয়।
ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান বলেন, “এ ঘটনার পর ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দিলীপ চন্দ্র সরকার যাচ্ছেন। সেখানে গেলে বিস্তারিত জানানো হবে।”
ট্রেনের চালক বলেন, “যখন আমরা আগুন দেখতে পাই। তখন এলাকার লোকজন অনেক সহযোগিতা করছেন। কেউ বালতি, কেউ কলস, কেউ পানির মোটরের পাইপ নিয়ে আসেন ট্রেনের আগুন নেভানের জন্য।
তিনি আরও বলেন, “ঘটনাস্থলেন পাশেই একটি ড্রেন ছিল, সেখান থেকে পানি এনে দেওয়া হয়েছে। এ ছাড়া আগুন নেভাতে পাশের একটি নির্মাণাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়েছে।”
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান বলেন, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি জানান, আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

-fb7c41.jpg)









-1c8763-256x144.webp)
-a4b35b.jpg)
