পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণ দু-এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

খুলনা প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বৃহস্পতিবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

পোশাকশ্রমিকদের জন্য নতুন নিম্নতম বেতন আগামী দু-এক মাসের মধ্যে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের কাটাখালী মোড়ে এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “গত কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকায় কিছু কিছু অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিছু সংখ্যক মানুষ। আমরা জানি শ্রমিক ভাই-বোনেরা, তাদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া আছে।”

তিনি বলেন, “আপনারা দেখেছেন, এরই মধ্যে আমরা সেই দাবি-দাওয়াগুলো বিবেচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য মজুরি বোর্ড গঠন করেছি। মজুরি বোর্ড এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে।”

“ইনশাল্লাহ, আগামী দু-এক মাসের মধ্যে মজুরি বোর্ড নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে, যাতে করে আমাদের প্রিয় শ্রমিক ভাই-বোনেরা একটু হলেও ভালো থাকতে পারে,” বলেন প্রধানমন্ত্রী।

দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন-ভাতার দাবিকে সামনে রেখে একটি মহল দেশের বাইরে থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, “যেখানে আমরা মানুষের কর্মসংস্থানসহ শিল্পের প্রসার ঘটাতে চাচ্ছি, দেখেছেন শ্রমিক ভাই-বোনদের এই যে দাবি, এই দাবির অন্তরালে কিছু সংখ্যক লোক, একটি মহল দেশের ওপার থেকে, সীমান্তের ওপার থেকে তারা বিশৃঙ্খলা তৈরি করছে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, কোনো শ্রমজীবী ভাই-বোন, কোনো শ্রমিক ভাই-বোন শিল্পের কখনো ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা পত্র-পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে, এই উশৃঙ্খলতা সৃষ্টিকারী লোকগুলো বিভিন্ন কলকারখানায় যাচ্ছে এবং এই কলকারখানাগুলো তারা ধ্বংস করছে, ভাঙচুর করছে, গাড়ি ভাঙচুর করছে, যন্ত্রপাতি ভাঙচুর করছে, কারখানাগুলো ভাঙচুর করছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad