মজুরি বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত

ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ, জানুয়ারিতে কার্যকর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৫: ০৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করা হবে। নির্ধারিত মজুরি অনুযায়ী, শ্রমিকেরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন পারিশ্রমিক পাবেন।

বুধবার (৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করা হয়।

শ্রম আইন অনুযায়ী, কোনো শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বোর্ডের সঙ্গে কাজ করেন। আইনের ১৩৯ ধারা অনুসারে, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ কিংবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।

সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমাও কমানো হয়েছে। আগে পাঁচ বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান থাকলেও এখন তা কমিয়ে তিন বছর করা হয়েছে।

এদিকে, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad