গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কয়েকটি কারখানার পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এই বিক্ষোভ শুরু হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেন। এরপর তারা কারখানা থেকে বাইরে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের ওপর ভিত্তি করে এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় নেমে আসেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এসে শ্রমিক নিহত হওয়ার গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।















